
মোঃ রেজাউল হক রহমত
প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রথমবার নিজ এলাকার প্রার্থী পাওয়ায় চার গ্রামে নেমেছে উৎসবের আমেজ। বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানকে ঘিরে শনিবার বিকেলে নারায়ণপুর চারগ্রাম ঈদগাঁহ মাঠে আয়োজিত হয় বিশাল মতবিনিময় সভা। সভা শুরু থেকেই চারদিক থেকে মানুষের ঢল নামে এবং মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
স্থানীয়রা জানান, কয়েক দশকে এই প্রথম নিজেদের সন্তানকে জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে পেয়ে তারা এক বিরল ঐক্যের রেখায় দাঁড়িয়েছে।
সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মান্নান তারেক রহমানের নির্দেশনায় দলকে আরও ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করার আহ্বান জানান। তিনি বলেন, “আমি আপনাদের সন্তান। কোনো ভুল হলে ক্ষমা করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি। ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করছি।”
সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সুরুজ খাঁর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস, এস এ ফজলুল করিম সাদেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা।
বক্তারা বলেন, গত ৫৩ বছরে চার গ্রামের মানুষ কখনো নিজেদের এলাকা থেকে সংসদ সদস্য প্রার্থী পাননি। তাই এবারের নির্বাচন তাদের জন্য ভিন্ন গুরুত্ব বহন করছে। এলাকার সন্তান অ্যাডভোকেট মান্নানকে প্রার্থী হিসেবে পেয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মাঠে থাকার আহ্বান জানান তারা।
Probaho News24 প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।