
মোঃ আক্তার হোসেন, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার (১৫ মার্চ ২০২৬) রাত ৯টার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়ায় এনায়েতপুর হাটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির মুখে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল বাতাসের কারণে এনায়েতপুর হাটের অনেক দোকানপাট ও অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কাঁচাবাজার ও মাছ বাজারে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে অনেক দোকানের টিনের চালা উড়ে যায় এবং দোকানের কাঠামো ভেঙে পড়ে।
ঈদকে সামনে রেখে বাজারে যখন কেনাকাটার ধুম চলছিল, ঠিক তখনই আকস্মিক ঝড়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গেছে। তবে ঝড়ের তীব্রতা সত্ত্বেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো দ্রুত মেরামত ও পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এনায়েতপুর হাটের ব্যবসায়ীরা বলেন, ঈদের আগে এমন দুর্যোগে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন তারা।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।