
মোঃ শামিম,পটুয়াখালী জেলা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি)সহ ৪৫ জন অবৈধ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী ও উজিরভিটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর খোন্দকারপাড়ায় শাহ আলম, নুরুল আলম, আব্দুল হান্নান, প্রফেসার ও ফজল কবিরের মালিকানাধীন কলোনিসহ আশপাশের এলাকায় অভিযান চালান।
এ সময় সেখানে অবৈধভাবে বসবাসরত ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়। এছাড়া অবৈধ রোহিঙ্গাদের ভুয়া এনআইডি সরবরাহের অভিযোগে এক ব্যক্তির বাসভবনে তল্লাশি চালিয়ে একাধিক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সিমকার্ড এবং এফসিএন কার্ডের ফটোকপি জব্দ করা হয়েছে। প্রশাসন সূত্র জানায়, ভুয়া এনআইডি তৈরির সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।