
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনী সদর উপজেলার ৯ নং লেমুয়া ইউনিয়নে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার লক্ষ্য ছিল ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি ও কেন্দ্র কমিটির কার্যক্রম জোরদার করা এবং সাংগঠনিক শক্তি আরও সুসংহত করা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ফেরদৌস আহমেদ কোরাইশী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুল হক আনিস বিকম। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি সরওয়ার জাহান ভুঁইয়াসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। সাবেক সভাপতি মোহাম্মদ ফেরদৌস আহমেদ কোরাইশী বলেন, “বাংলাদেশের মানুষ আজ তাদের ভোটাধিকার হারিয়েছে। এই অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি আপসহীন। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্র ও ওয়ার্ডে শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গড়ে তুলতে হবে। লেমুয়া ইউনিয়নে বিএনপি ঐতিহ্যগতভাবে শক্ত অবস্থানে রয়েছে। বিভক্তি নয়—ঐক্যই হোক আমাদের মূল শক্তি।”
সাবেক সাধারণ সম্পাদক আনিসুল হক আনিস বিকম বলেন, “নির্বাচন পরিচালনা কমিটি ও কেন্দ্র কমিটির দায়িত্ব শুধু কাগজে-কলমে নয়, মাঠে বাস্তবায়ন করতে হবে। ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্র পাহারায় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রতিটি নেতাকর্মীকে সাহসিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” সভায় যুবদলের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সাবেক সভাপতি সরওয়ার জাহান ভুঁইয়া বলেন, “আগামী দিনের আন্দোলন ও নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডে যুবসমাজই হবে মূল চালিকাশক্তি। যুবদলকে প্রতিটি কেন্দ্রে সক্রিয় ও সংগঠিত থাকতে হবে।” মতবিনিময় সভায় আরও আলোচনা হয় নির্বাচনকালীন করণীয়, কেন্দ্র পাহারা, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে। সভা শেষে নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার এবং ভোটাধিকার আন্দোলনকে সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।