
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান, ১৯ ফেব্রুয়ারি ২০২৬: বান্দরবান জেলায় অবস্থিত বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এ শিক্ষার্থীদের মাঝে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ক্লাসে সাইবার বুলিং, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, অনলাইন প্রতারণা, ভুয়া আইডি, হ্যাকিং, ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষা এবং ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত নানা বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের অনলাইনে সচেতন আচরণ, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এবং সন্দেহজনক কোনো কার্যক্রমের ক্ষেত্রে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর হলেও সচেতনতার অভাবে অনেকেই সাইবার অপরাধের শিকার হচ্ছে। তাই নিজেকে নিরাপদ রাখতে প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। উক্ত সচেতনতামূলক ক্লাসে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।