
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
দীর্ঘদিনের যানজট ও দুর্ঘটনার প্রেক্ষাপটে ফেনী শহরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। শহরের সার্বিক শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনিরা হক, জেলা প্রশাসক, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক শহরের অভ্যন্তরে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন। জেলা প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান সড়ক, ট্রাংক রোড, মহিপাল, একাডেমি ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে তীব্র যানজট লেগেই থাকত। অল্প দূরত্ব অতিক্রম করতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। বিশেষ করে স্কুল-কলেজ ও অফিস চলাকালীন সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিত।
শহরবাসীর অভিযোগ, অধিকাংশ ব্যাটারিচালিত অটোচালক ট্রাফিক আইন না মেনে ইচ্ছামতো গাড়ি চালান, হঠাৎ ইউ-টার্ন নেন এবং যাত্রী ওঠানামার সময় সড়কের মাঝখানে গাড়ি থামান। এতে অন্যান্য যানবাহনের চলাচল ব্যাহত হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
সাম্প্রতিক সময়ে কয়েকটি সড়ক দুর্ঘটনায় পথচারী ও শিক্ষার্থীরা আহত হওয়ার ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে আসছিল।
জেলা প্রশাসক মনিরা হক বলেন, “শহরের সার্বিক শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই নিষিদ্ধ যানবাহন শহরের ভেতরে চলতে দেওয়া হবে না।” নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। শহরের প্রবেশপথগুলোতেও নজরদারি বাড়ানো হবে, যাতে বাইরে থেকে কোনো ব্যাটারিচালিত অটো শহরে প্রবেশ করতে না পারে।
শহরের সচেতন মহল জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে যানজট অনেকাংশে কমবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। তবে অটোচালকদের একটি অংশ জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকল্প কর্মসংস্থানের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে। ফেনী শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে জেলা প্রশাসনের এ উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার অপেক্ষা। শহরবাসী আশা করছেন, কঠোর মনিটরিংয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ফিরবে স্বস্তি ও শৃঙ্খলা।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।