
আবু বক্কর ছিদ্দিক,স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার ২৪ ডিসেম্বর দুপুর ১২টায় ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ মনিরা হকের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম বাদল, ফেনী জেলা আহ্বায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, মানুষের কাছে নিজের যোগ্যতা জাহির করে ভোট চাওয়াকে তিনি কখনোই সভ্য ও ভদ্র রাজনীতির অংশ মনে করেন না। তবে নির্বাচনে অংশ নিতে এসে অনিচ্ছা সত্ত্বেও সেই প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “আমাকে বলতে হবে আমি অন্যদের চেয়ে যোগ্য, আমাকে ভোট দিন—কিন্তু আমি সেটা বলতে চাই না। আমি বরং আমার অযোগ্যতার কথাই বলতে চাই। এটি আমার প্রথম নির্বাচন। জনপ্রতিনিধি হিসেবে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই।” তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকে প্রায় ৩৫ বছর ধরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত রাজনীতি করেছেন তিনি। এই সময়ে নির্যাতন, নিপীড়ন ও জেল-জুলুম সহ্য করলেও কখনো মাথা নত করেননি বলেও উল্লেখ করেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, “আমার বহু সার্টিফিকেট আছে, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করার কোনো সার্টিফিকেট নেই। সেই সার্টিফিকেট পাওয়ার জন্যই আজ আমি ফেনীর জনগণের কাছে এসেছি।” নতুন রাজনৈতিক দল ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রসঙ্গ টেনে এবি পার্টির চেয়ারম্যান বলেন, এই অবস্থানের কারণে তাঁকে ও তাঁর দলকে নানা ধরনের অবহেলার মুখে পড়তে হয়েছে। কেউ কেউ বলেছেন—নতুন দলের বেইল নেই, খাওয়ার ব্যবস্থা নেই, ভোট নেই। এসব প্রশ্নের জবাব ফেনী-২ আসনের জনগণই দেবেন বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “গত ৫৪ বছর ধরে দেশে যে ভুল রাজনীতি চলছে, তার বাইরে গিয়ে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি—তা কি ভুল? নতুন রাজনীতির কোনো গ্রহণযোগ্যতা নেই—এই ধারণার ফয়সালা করবে ফেনী-২ এর জনগণ। আপনারা যে রায় দেবেন, আমি তা মাথা পেতে নেব।” ফেনীর উন্নয়ন প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন, ফেনীর জন্য আলাদা করে বড় বড় প্রতিশ্রুতির প্রয়োজন নেই। সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ হলে, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারলে এবং রাজনৈতিক সহিংসতা না থাকলে ফেনী স্বয়ংক্রিয়ভাবে দেশের অন্যতম উন্নত, শান্তিপূর্ণ ও স্মার্ট জেলা ও শহরে পরিণত হতে পারে। তিনি ফেনীকে সব ধরনের দূষণমুক্ত রাখতে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে ফেনী উন্নয়নের একটি দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে। নতুন রাজনৈতিক ধারা ও পরিচ্ছন্ন রাজনীতির প্রত্যাশা নিয়ে এবি পার্টির চেয়ারম্যানের এই মনোনয়নপত্র সংগ্রহ ফেনীর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতারা।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য