
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফসলি জমির উর্বরতা ও পরিবেশ সুরক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে ফেনীর দাগনভূঞা উপজেলায় কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার দাগনভূঞা পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের সিদরপুর এলাকায় অভিযান চালিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত প্রত্যেককে এক মাস করে মোট দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর জব্দের চেষ্টা করা হলেও ঘটনাস্থল থেকে সরিয়ে আনা সম্ভব না হওয়ায় আইনানুগ প্রক্রিয়ায় সেটি অকেজো করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর দুটি চৌকস দল সঙ্গীয় ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে, যা অভিযানের সফলতা নিশ্চিত করে। অভিযানটি পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। তিনি বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি ও জনস্বার্থবিরোধী। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনগণকে অবৈধ মাটি কাটাসংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত জানাতে অনুরোধ জানানো হয়েছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।