
মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা
পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পুলিশের গোয়েন্দা শাখার ওসিসহ দুই কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে পাকশী-ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঈশ্বরদী থানার ডিএসবি গোয়েন্দা শাখার ওসি মোজহারুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ঈশ্বরদী থানার উদ্দেশে মোটরসাইকেলে যাওয়ার সময় লালনশাহ সেতুর টোল প্লাজা এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য প্রাণ হারান।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, নিহত পুলিশ সদস্যদের মরদেহ কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ওসি মোজহারুল ইসলাম মাত্র একদিন আগে ঈশ্বরদী থানায় যোগদান করেছিলেন। এ বিষয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের সার্জেন্ট দিপু সরকার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়রা নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।