
মোঃ আলমগীর কবির,স্টাফ রিপোর্টার,ঠাকুরগাঁও
দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই ভোর থেকে জনসভাস্থলে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। দীর্ঘদিন পর দলীয় প্রধানকে সামনে থেকে এক ঝলক দেখার আশায় উচ্ছ্বাস ও উদ্দীপনায় অপেক্ষা করছেন তারা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, তারেক রহমান হেলিকপ্টারে করে ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করবেন। সেখান থেকে তিনি সরাসরি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
দলীয় প্রধানের আগমন ঘিরে পুরো ঠাকুরগাঁও জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও বিপুল উৎসাহ নিয়ে জনসভাস্থলে উপস্থিত হচ্ছেন। নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তারেক রহমানের এই সফর ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি করবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।