
আঃ হালিম আতিক,টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে লাইভ ভেরিফিকেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের ঘাটাইল সদর ইউনিয়নের উপকারভোগীদের অংশগ্রহণে এ কর্মসূচি আয়োজন করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বৈঠকের আয়োজন করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। এতে সহযোগিতা করে ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক তাপশী শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু সাঈদ। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম শামসুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গণভোট বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ গণতান্ত্রিক প্রক্রিয়া ও সামাজিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।