
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলা-এ জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গর্ভবতী নারীসহ মোট ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবাসিক পাট্টাখাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মোঃ হাশেম ও মোহাম্মদ আবু সৈয়দের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলমান ছিল। বিরোধীয় জমির একটি পুকুরপাড়ে সৃজন করা কলা বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হন, যাদের মধ্যে দুইজন গর্ভবতী নারী রয়েছেন। পরে স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে অধিকাংশকে বাড়িতে পাঠান। তবে আহত মনোয়ারা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়েছে। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।