
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে স্থানীয় অসহায়, দুঃস্থ ও শীতার্ত পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নে অবস্থিত ৫৭ বিজিবি আলীকদম ব্যাটালিয়নের আয়োজনে এবং ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় নয়াপাড়া ইউনিয়নে বসবাসরত স্থানীয় অসহায়, দুঃস্থ পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় ও শীতার্ত বাঙালি পরিবারসহ মোট ১৭৫টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত আলীকদম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিভিন্ন বিওপির মাধ্যমে দুর্গম সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আরও ২২০টি প্রান্তিক শীতার্ত পরিবারের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজিবি কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর মানবিক, জনকল্যাণমূলক ও সম্প্রীতিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।