
বুলবুল হোসেন, তারাগঞ্জ প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে ঈদ পরবর্তী সময়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
সাম্প্রতিক এ কর্মসূচিতে তিনি আলমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শোনেন এবং বিভিন্ন সমস্যা ও অভিযোগ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের লিখে নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি প্রাপ্তি ও প্রয়োজন অনুযায়ী দ্রুত সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময়ের অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন রাস্তার মোড়ে ছোট ছোট পথসভায় বক্তব্য রাখেন এমপি আজহারুল ইসলাম। তিনি বলেন, “সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে। একটি হারামের পয়সাও আমার পকেটে যাবে না।”
তিনি আরও বলেন, একটি সুস্থ সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা অপরিহার্য। তাই যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সূরা ও কর্ম পরিষদের সদস্য আব্দুল হান্নান খান, তারাগঞ্জ উপজেলা আমির এসএম আলমগীর হোসেন, সেক্রেটারি মো: ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি প্রভাষক মো: আমিনুল ইসলাম, আলমপুর ইউনিয়ন সভাপতি মো: আক্কাস আলী,যুব বিভাগের সভাপতি কাজী সামছুল হুদা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি জিকরুল ইসলাম জাহেরী প্রমুখ।
স্থানীয়দের মতে, ঈদের পরপরই জনপ্রতিনিধির এমন সরাসরি জনসংযোগ ও মতবিনিময় কার্যক্রম এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। এরকম কার্যক্রম অব্যাহত থাকলে এমপিকে আজীবন জনগণ মনে রাখবেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।