
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় যাত্রীবাহী বাস ও চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহতসহ মোট সাতজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে, আলীকদম থানাধীন ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায়, আলীকদম-চকরিয়া পাকা সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, আলীকদম থেকে চট্টগ্রামগামী একটি এসআর পরিবহনের বাস এবং চকরিয়া থেকে আলীকদমগামী একটি যাত্রীবাহী শর্টবডি চাঁদের গাড়ি টার্নিং পয়েন্টে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। বাকি তিনজন অজ্ঞাতনামা আহতের অবস্থাও সাধারণ, যাদের প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন—
১) বাবলু মিয়া (৩০), পিতা: কবির আহমদ, চকরিয়া ভাঙ্গার মুখ, মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত;
২) ফরহাদ হোসেন তোতা (৩৮), পিতা: মোহাম্মদ নাসির উদ্দিন, বাগেরঝিরি, মাথার পেছনে কাটা জখম;
৩) আবদুল আলিম (৩৮), পিতা: ইসহাক আহমেদ, চকরিয়া বাস টার্মিনাল, বুকে ও পায়ে আঘাতপ্রাপ্ত;
৪) মোঃ ফরিদ হোসেন (৩৭), পিতা: মীর হোসেন, বড় মুহুরী, বাম পায়ের গোড়ালিতে আঘাত।
চারজন গুরুতর আহতকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। স্থানীয়রা জানান, তারাবুনিয়ার টার্নিং পয়েন্টটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে পূর্বেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, সতর্কতামূলক সাইনবোর্ড, গতিরোধক ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাস মালিক সমিতি ও জীপ মালিক সমিতি উভয় যানবাহন নিরাপদ হেফাজতে নিয়েছে। আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করেছেন। আইনগত ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।