1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে হা-ম-লা - probahonewstv
July 30, 2026, 12:44 pm

নাইক্ষ্যংছড়ি সীমান্তে হা-ম-লা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, March 10, 2026
  • 77 Time View
নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা | দুই বিজিবি সদস্য আহত

চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানে সংঘর্ষ, দুই সদস্য আহত ও এক চোরাকারবারী গুলিবিদ্ধ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় চোরাকারবারীদের অতর্কিত হামলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দুই সদস্য আহত হয়েছেন। এ সময় বিজিবির প্রতিরোধে এক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ রেইক্কাশিয়া পোস্ট সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত টহল ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা, মাদক ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে তারা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ রেইক্কাশিয়া পোস্ট এলাকায় একটি বিজিবি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৩০ থেকে ৪০টি বার্মিজ গরু নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল চোরাকারবারীদের একটি সংঘবদ্ধ দল।

বিজিবি টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা দেশীয় অস্ত্র, লাঠি-সোঁটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ল্যান্স নায়েক মো. রাজু ও সিপাহি মো. শরিফ নামে দুই বিজিবি সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে মো. ইসমাইল নামে এক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়। আহত বিজিবি সদস্যদের প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের এমআই রুমে চিকিৎসাধীন রাখা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে। এদিকে আহত চোরাকারবারী মো. ইসমাইলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় মো. ইসমাইলসহ ১০ থেকে ২০ জন অজ্ঞাত চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইসমাইলের বিরুদ্ধে আগেও চোরাচালানের একাধিক মামলা রয়েছে।

See also  ফেনীতে সাংবাদিক মোহাম্মদ হানিফের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ ছিনতাই হল মোবাইল ফোন ও নগদ টাকা, থানায় মামলা

ঘটনার পরপরই সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাকারবারীদের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকা ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি চক্র মিয়ানমার থেকে গরু, মাদক ও বিভিন্ন পণ্য চোরাচালান করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পরও চক্রটি মাঝে মাঝে সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category