
সাজেদুল ইসলাম রাসেল
স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের একটি টিম কাহালু উপজেলার ছোট কাশিমালা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিজ বাড়ির শয়নকক্ষে অবস্থানরত মোঃ পারভেজ হাসান (২২)-এর দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ডান হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগ থেকে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং জিন্স প্যান্টের পকেট থেকে একটি পুরাতন বাটন মোবাইল ফোন (itel, সিমসহ) জব্দ করা হয়েছে। আটক পারভেজ হাসান (২২), পিতা: মোঃ আব্দুর সাত্তার, গ্রাম: ছোট কাশিমালা, উপজেলা: কাহালু, জেলা: বগুড়া। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে কাহালু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বগুড়ায় মাদক নির্মূল করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।