
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলা ও উপজেলায় ছাত্র-জনতা গণমিছিল, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শরিফ ওসমান হাদির ওপর আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
পার্বত্য জেলা বান্দরবানে এই কর্মসূচি সহিংস রূপ নেয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর বাহাদুরের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া বান্দরবান জেলার আলীকদম উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্র-জনতা সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় তারা শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন এবং ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তারের আহ্বান জানান। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সহিংসতা এড়াতে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠন পৃথক কর্মসূচির ঘোষণা দিয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।