
মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনীর দাগনভূঞা উপজেলায় ফসলি জমির উর্বর টপসয়েল কাটা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানটি রাত ১০টা ৩০ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত দাগনভূঞা সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর বাগডুবি বাজার সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। এসময় ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে আব্দুল মান্নান সোহেল (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাটি পরিবহনে ব্যবহৃত ০২টি ট্রাক্টর জব্দ করা হয়। অভিযানে ব্যবহৃত ০১টি এস্কেভেটর ঘটনাস্থল থেকে সরানো সম্ভব না হওয়ায় তা অকেজো করা হয়, যাতে ভবিষ্যতে পুনরায় ব্যবহার না করা যায়। অভিযান চলাকালে বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর ২টি চৌকস টিম সঙ্গীয় ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে এবং পুরো অভিযান নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী শাহিদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দাগনভূঞা, ফেনী বলেন, “ফসলি জমির টপসয়েল কাটা একটি মারাত্মক অপরাধ। এতে কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের ক্ষতি হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হতে হবে এবং অবৈধ মাটি কাটা বা পরিবহনের তথ্য প্রশাসনকে জানাতে হবে।” উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভবিষ্যতেও দাগনভূঞা উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।