
মোঃ আলমগীর কবির,স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিবেশ অনুকূলে এবং সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা রয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলে বিএনপি মনে করছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ থাকবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষ ও যথাযথভাবে পালন করবেন বলেও তিনি বিশ্বাস করেন। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি প্রতিটি নির্বাচনকেই গুরুত্বের সঙ্গে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল হিসেবে বিবেচনা করে না। তিনি অভিযোগ করেন, জামায়াত কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি সবসময় ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী। ভোটাধিকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যাকে খুশি তাকেই ভোট দিন—এটাই আমাদের অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জনগণ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।