
সাজেদুল ইসলাম রাসেল সটাফ রিপোর্টার বগুড়া।
বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়ন ভূমি অফিসের জন্য নতুন ভবন নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে ভবনটির নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
সোমবার (২ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্য দিয়ে ফাঁপোর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হলো।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বগুড়া সদর-এর মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
নতুন ভবন নির্মাণের ফলে ইউনিয়ন ভূমি অফিসের অবকাঠামোগত উন্নয়ন ঘটবে। পাশাপাশি ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের জন্য উন্নত পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসগুলো সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন ভবনটি নির্মিত হলে ফাঁপোর ইউনিয়নের ভূমিসেবা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।