
বুলবুল হোসেন,তারাগঞ্জ (রংপুর)
তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মনজুরুল ইসলাম (৪৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নর রামপুরা পীরের মাজার সংলগ্ন একটি আলু ক্ষেতে নরম মাটি দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা তারাগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলু ক্ষেতের নরম জায়গা খুঁড়ে একটি মরদেহ উদ্ধার করে। পরে লাশটি থানায় নিয়ে আসা হয়। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) আলু ক্ষেতের পাশের একটি তামাক ক্ষেতে রক্তের দাগ ও একটি স্যান্ডেল দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা গিয়ে স্যান্ডেলটি মনজুরুল ইসলামের বলে শনাক্ত করেন। তবে সেদিন ব্যাপক খোঁজাখুঁজির পরও মরদেহ পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন মনজুরুল ইসলাম। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তিনি ওই গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, পরিবারের সদস্যরা মরদেহটি মনজুরুল ইসলামের বলে নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।