
এসএম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ওয়াইফাই ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হ-ত্যা-র ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রতিপক্ষের বসতবাড়িতে ব্যাপক অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উত্তেজিত জনতা জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সাথে হাসান মুন্সির বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকাল ৭টার দিকে আক্তার হাওলাদারের চাচাতো ভাই ও ওয়াইফাই ব্যবসায়ী আলমগীর হাওলাদারের ঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ। হামলাকারীরা আলমগীরকে এলোপাতাড়ি কু-পিয়ে তার হাত বিচ্ছিন্ন করে দেয় এবং ঘটনাস্থলেই তার মৃ-ত্যু নিশ্চিত করে। এসময় বাধা দিতে গেলে নারীসহ আরও তিনজন গুরুতর আ-হত হন।
দাফনের পরই পাল্টা হামলা ও অগ্নিসংযোগ
বিকেলে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত শেষে আলমগীর হাওলাদারের মরদেহ দাফন করা হয়। দাফন সম্পন্ন হওয়ার পরপরই নি-হ-তের সমর্থকরা উত্তেজিত হয়ে প্রতিপক্ষ হাসান মুন্সির গ্রুপ ও জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বাড়িতে চড়াও হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি বসতঘরে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
ঘটনাস্থলে , র্যাব ও পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে ছিল যে, তারা অনেকটা অসহায় হয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। "বিভিন্ন এলাকায় একসাথে আগুন ধরিয়ে দেওয়ায় তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। এলাকাবাসীর বাধার মুখেও আমাদের দুটি ইউনিট কাজ করেছে, তবে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি।" শেখ মোহাম্মদ আহাদুজ্জামান, পরিদর্শক, মাদারীপুর ফায়ার সার্ভিস। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে হ-ত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। কিন্তু বিভিন্ন দিক থেকে হঠাৎ বিশাল জনসমাগম হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, আলমগীর হাওলাদার হত্যাকাণ্ড এবং পরবর্তী অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”