
মোঃ উজ্জ্বল ( ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান )
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি হোসিয়ারী মার্কেটের তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর রেললাইন সংলগ্ন শাহজালাল মাদ্রাসার পাশের বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই এক দোকানের নিচ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে দোকান মালিক রুবেল, শাহজাহান ও জুলহাসের হোসিয়ারী ব্যবসার সব মেশিন, কাপড়ের গাঁট, মালামাল, একটি রিকশা গ্যারেজ এবং বাধন বিরিয়ানী হাউস নামের একটি খাবারের দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়।
স্থানীয়রা দ্রুত এগিয়ে আসলেও আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করা যায়নি। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-ইন্সপেক্টর ফারুক মিয়া বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর নির্ধারণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো প্রাণহানি ঘটেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন পুনর্গঠনের জন্য প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”