
শাহরিয়ার সিয়াম, জামালপুর
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ দেশে ফিরতে পারবে না। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। মিল্লাত আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে অস্বচ্ছল পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে সারসহ কৃষি উপকরণ সংগ্রহে কোনো কৃষক হয়রানির শিকার না হন। বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করতে মিল ইন্ডাস্ট্রি স্থাপনের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, “আমরা যা করতে পারব তাই বলি। জনগণের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
পথসভায় তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, তারা রোজা ও পূজাকে এক করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বেজার করে তারা ক্ষমতায় যেতে চায়। তাই ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট না দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি মোতালেব সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পথসভা শেষে এম রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”