
গাইবান্ধা প্রতিনিধি,মোঃ বেলাল মিয়া
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দাপুর গ্রামে ১০০০ টাকা নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূ ও তার শিশুসন্তানকে জীবন্ত পুঁতে রাখার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে রাতের খাবার শেষে মোঃ জামিরুল ইসলামের ছেলে মোঃ মনির সরকার মুন্না এবং তার স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুনের মধ্যে যৌতুকের টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে মনির সরকার মুন্না বাড়ির টিনশেড ঘরের উঠানের পাশে একটি গর্ত খুঁড়তে শুরু করেন বলে অভিযোগ করা হয়। এ সময় ফাতেমা খাতুন ঘটনাস্থলে গিয়ে একটি ধারালো ছুরি ও একটি চাইনিজ কুড়াল (চাইনিজ দা) দেখতে পান। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাকি বলেন, "তোদের মা-ছেলে দুজনকে আজ এখানে পুঁতে রাখব।"
এমন হুমকি শুনে প্রতিবাদ করলে অভিযুক্ত তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন ফাতেমা। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ফাতেমা পাশের বাড়িতে আশ্রয় নেন। প্রতিবেশী আনোয়ারুল ইসলাম তাকে রাতের জন্য নিরাপদ আশ্রয় দেন বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযুক্তকে আটকানোর চেষ্টা করলেও তিনি ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। সংবাদ লেখা পর্যন্ত অভিযুক্ত পলাতক রয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
এদিকে ঘটনার রাতে ফাতেমা খাতুনের বাবা মোঃ আলম মিয়া বেপারী, যিনি জীবিকার তাগিদে ঢাকায় অটোরিকশা চালান, তাকে মুঠোফোনে বিষয়টি জানানো হলেও তিনি সেদিন রাতেই বাড়ি ফিরতে পারেননি।
পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় একই গ্রামের ফাতেমার নানা নজরুল ইসলাম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সঙ্গে ঘটনাস্থলের খোঁড়া গর্ত এবং উদ্ধার করা ধারালো অস্ত্রের ছবিও পুলিশকে দেখানো হয়েছে বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংবাদে সংযুক্ত করা হবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”