হামের প্রাদুর্ভাব রোধে আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে জরুরি সমন্বয় সভা, জোরদার হচ্ছে টিকাদান কার্যক্রম।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের দুর্গম আলীকদম উপজেলায় হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ মে ২০২৬) আলীকদম জোনের কনফারেন্স রুমে আয়োজিত এ সভাটি দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সভায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আলীকদম জোনের মেডিকেল অফিসার এবং স্থানীয় মুরং সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণ বিশ্লেষণ, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং চলমান টিকাদান কার্যক্রমের অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
বিশেষভাবে দুর্গম ও যোগাযোগ-বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চলে ঘরে ঘরে পৌঁছে টিকাদান কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—বিশেষ টিকাদান দল গঠন, দুর্গম এলাকায় নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা নিশ্চিতকরণ এবং সমন্বিতভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।
আলীকদম সেনা জোনের সক্রিয় নেতৃত্বে এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে টিকাদান কর্মসূচিকে আরও বিস্তৃত ও কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত সকল পক্ষ হামের প্রাদুর্ভাব দ্রুত নিয়ন্ত্রণে আনতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন এবং সেনাবাহিনীর নেতৃত্বে চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে একমত পোষণ করেন।
বর্তমানে আলীকদম সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে টিকাদান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারভাবে পরিচালিত হচ্ছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় জনসাধারণের মধ্যে আশার সঞ্চার করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের মতোই মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে—আলীকদমের এ উদ্যোগ তারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”