
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সেনাসদস্যের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত সেনাসদস্যের চাকরিচ্যুতি ও বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী আওরঙ্গজেব রমজান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।
আওরঙ্গজেব রমজান বলেন, ‘আমি অটোরিকশায় করে টিউশনিতে যাচ্ছিলাম। বিশমাইল এলাকায় পৌঁছালে এক সেনাসদস্য আমার অটোরিকশা আটকান। এরপর লাঠি দিয়ে আমার শরীরে আঘাত করেন। কেন মারলেন জানতে চাইলে আমার হাত ধরে একটি ছোট কক্ষে নিয়ে যান। সেখানে নিয়ে আমার শরীরে লাথি মারেন এবং বেধড়ক মারধর করেন।’
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। আন্দোলনকারীরা অভিযুক্ত সেনাসদস্যকে চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনা, তাকে সশরীরে উপস্থিত হয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা এবং আহত শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দাবি জানান।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ চলছে।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘আমাদের উপাচার্য স্যার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। একজন কর্নেলের নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয়ে আসছে। তারা ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে বসবেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা), নিরাপত্তা কর্মকর্তা এবং ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরাও থাকবেন।’
তিনি আরও বলেন, ‘এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আবারও বসব, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং কীভাবে তা বন্ধ করা যায়, সে বিষয়ে আলোচনা করা যায়।’
দায়িত্ব পালনে নিয়োজিত সদস্যদের বিষয়ে তিনি বলেন, ‘যারা প্রশিক্ষিত এবং শিক্ষার্থীদের মর্যাদা বোঝেন, এমন ব্যক্তিদের যেন সেখানে দায়িত্ব দেওয়া হয়।’
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com