সাদুল্লাপুরে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে হামলার শিকার লাইনম্যান, অবরুদ্ধ দশা থেকে উদ্ধার করল পুলিশ।
প্রতিবেদক, গাইবান্ধা।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান ও কর্মীরা। এসময় গ্রাহকদের ইটপাটকেল নিক্ষেপে অল্পের জন্য রক্ষা পান তারা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামের মোংলা বন্দর সংলগ্ন গাছুপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ডা. নজরুল ইসলাম খুশির ছেলে দুখু সরকার, মো. ওয়াজেদ আলী সরকার, মো. ওহেদ আলী এবং মো. জাকিরুল ইসলামের বাড়িতে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া ছিল। মঙ্গলবার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মীরা ওই বকেয়া বিল পরিশোধের তাগাদা দিতে যান এবং বিল না দেওয়ায় নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেন।
এসময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। অতর্কিত এই হামলায় কেউ হতাহত না হলেও লাইনম্যান ও কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে তাদের সেখানে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ কর্মীদের উদ্ধার করে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওছার মন্ডল এবং ইউপি সদস্য নুরনবী সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কথা বলে বিষয়টি সমঝোতার চেষ্টা চালান।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, সরকারি দায়িত্ব পালনকালে কর্মীদের ওপর হামলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বকেয়া বিল আদায়ে নিয়মতান্ত্রিক কার্যক্রম অব্যাহত থাকবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”