সাংগ্রাই উৎসবে আলীকদমে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: বৌদ্ধ বিহারে সেনা জোনের অনুদান।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘সাংগ্রাই’ উপলক্ষে বান্দরবানের আলীকদমে সম্প্রীতি, সহমর্মিতা ও ধর্মীয় চেতনার এক অনন্য উদাহরণ স্থাপন করেছে আলীকদম সেনা জোন। বুধবার (১৫ এপ্রিল, ২রা বৈশাখ) আলীকদম উপজেলার কুরুকপাতা বাজারস্থ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রূপ নেয়।
সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক (এসপিপি, পিএসসি) এর নির্দেশনায় বৌদ্ধ বিহারে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেন্দনপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ তুহিনুর রহমান। এছাড়াও কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রদানকৃত এই অনুদান স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে অতিথিরা স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। আলীকদম সেনা জোন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানায় এবং যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকবে বলেও আশ্বস্ত করে।
সাংগ্রাই উৎসব উপলক্ষে পুরো এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনীর টহল ও সতর্ক উপস্থিতি থাকায় স্থানীয় জনগণ নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে সক্ষম হন, ফলে এলাকায় শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে।
পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এতে সেনাবাহিনী ও সাধারণ জনগণের মধ্যকার আস্থা ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। উৎসব শেষে স্থানীয়রা সেনাবাহিনীর এই আন্তরিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”