
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন। গত ১২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার দিনব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠীর জন্য পরিচালিত বিশেষ মানবিক কার্যক্রমে পাহাড়ি জনপদের মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মূলমন্ত্রকে ধারণ করে আয়োজিত এই কর্মসূচির আওতায় নবনির্মিত কিয়াং ঘর উদ্বোধন, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার সকাল ১১টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নবনির্মিত কিয়াং ঘরের উদ্বোধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এ সময় আলীকদম জোনের পক্ষ থেকে কিয়াং পরিচালনা কমিটির হাতে ২০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার প্রবীণ নাগরিক ও বৌদ্ধ ধর্মাবলম্বী মাইনপ্রুক জিংক্সে-এর জন্য বিশেষ উপহার সামগ্রী ও কিট বিতরণ করা হয়। দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পাড়ায় আয়োজন করা হয় একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে ২৭৫ জন পাহাড়ি ও বাঙালি রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ প্রদান করা হয় এবং ১৫ হাজার ২০০ টাকা সমমূল্যের প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। সেনাবাহিনীর এই উদ্যোগে দুর্গম এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থার প্রতিফলন ঘটে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপং মুরংসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জনগোষ্ঠীর সুষম উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও স্বনির্ভর আলীকদম গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনীর এমন জনবান্ধব ও সম্প্রীতিমূলক উদ্যোগ স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং পার্বত্য অঞ্চলে পারস্পরিক আস্থা ও সহাবস্থানের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”