
স্টাফ রিপোর্টার,আবু বক্কর ছিদ্দিক
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম চাঁদপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ১৫ ও ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি দীর্ঘদিন পর পুনরায় চালু করা হয়। একসময় লেমুয়া ইউনিয়নে বিএনপির রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি অতীতে আওয়ামী ফ্যাসিবাদীদের হামলা ও দখলদারিত্বের শিকার হয়। প্রায় এক দশক ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্লাবটির সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর ক্লাবটি পুনরায় চালু করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। তাঁদের ঐক্যবদ্ধ উদ্যোগ ও নিরলস পরিশ্রমে আবারও প্রাণ ফিরে পায় ঐতিহ্যবাহী এই সংগঠন। সরেজমিনে দেখা যায়, ১৫ ডিসেম্বর বিকাল থেকে মিলাদ ও দোয়া মাহফিল এবং তবারক বিতরণের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্লাবটির পুনরায় উদ্বোধনে সন্তোষ প্রকাশ করে স্থানীয় প্রবীণ মুরুব্বীরা বলেন, একসময় এই ক্লাব থেকেই রাজনৈতিক আলোচনা ও নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হতো। বহু বছর পর আবারও ক্লাবটি চালু হওয়ায় তাঁরা আনন্দ ও আশাবাদ ব্যক্ত করেন।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় তরুণ প্রজন্ম দেশাত্মবোধক গান বাজিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজী, লেমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ চৌধুরী, লেমুয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন, সেলিম তালুকদারসহ স্থানীয় বিএনপির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে এই শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাব থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”