
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলা-এর লুলাইং এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। জানা গেছে, গত ০২ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার লুলাইং এলাকার মারাইত্তা বাজারে সংগঠনটির তিন সদস্য চাঁদা আদায়ের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় উপস্থিত হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা এগিয়ে গিয়ে মোং পেং মুরং নামের এক সদস্যকে আটক করে নিকটস্থ লুলাইং আর্মি ক্যাম্পে হস্তান্তর করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজির চেষ্টার কথা স্বীকার করেছেন বলে সেনা সূত্রে জানা গেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল মারাইত্তা বাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা একটি অত্যাধুনিক পিস্তল (MA-5 MK-2) এবং ১৫ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করে।
এদিকে একই দিনে আটক ব্যক্তির ভাই তং পং মোরং স্থানীয় কোয়ান্টাম ফাউন্ডেশন-এ গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর আরেকটি দল গজালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে আলীকদম জোনের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”