
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত লামা সরকারি মাতামুহুরী কলেজে দ্রুত অনার্স ও মাস্টার্স কোর্স চালু এবং শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ গ্রহণ করেছেন মানবাধিকারকর্মী ও গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন (বন্ধু)। সম্প্রতি এ সংক্রান্ত বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে একটি লিখিত আবেদন দাখিল করা হয়। আবেদনে পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি কর্মমুখী ও বাস্তবভিত্তিক শিক্ষার একটি পাইলট প্রজেক্ট চালুর প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, “আমরা দ্রুত কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ফাইল প্রস্তুতের নির্দেশ দেব। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।”
আবেদনে উল্লেখ করা হয়, লামা সরকারি মাতামুহুরী কলেজের ওপর লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও আশপাশের দুর্গম এলাকার বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ভরশীল। কিন্তু অনার্স ও মাস্টার্স পর্যায়ের কোর্স না থাকায় বহু মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অর্থনৈতিক সংকটের কারণে অনেককে পড়াশোনা মাঝপথে বন্ধ করতে বাধ্য হতে হচ্ছে। প্রস্তাবিত অনার্স ও মাস্টার্স বিষয়গুলোর মধ্যে রয়েছে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, ইসলামিক শিক্ষা ও সংস্কৃতি, পরিবেশ ও অর্থনীতি, ম্যানেজমেন্ট, মার্কেটিং, কৃষি ও আধুনিক প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স ও আইসিটি, উদ্ভিদবিজ্ঞান, জীববিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান এবং হোম ইকোনমিক্স বিভাগের অধীনে স্বাস্থ্য, পুষ্টি, টেক্সটাইল, হোম ম্যানেজমেন্ট ও শিশু উন্নয়ন। এছাড়া একটি ব্যতিক্রমধর্মী পাইলট প্রজেক্ট হিসেবে সপ্তাহে তিন থেকে চার দিন একাডেমিক ক্লাসের পাশাপাশি বাকি দিনগুলোতে শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম চাকরি, প্রশিক্ষণভিত্তিক কাজ, আত্মকর্মসংস্থান ও আয়মূলক কার্যক্রমের সুযোগ তৈরির প্রস্তাব করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের ব্যয় আংশিকভাবে নির্বাহ করে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে।
উদ্যোক্তা মোঃ মহিউদ্দিন (বন্ধু) বলেন, “ফ্রি শিক্ষা, ফ্রি চিকিৎসা, খাদ্য, বাসস্থান ও কাপড় নিশ্চিত করার পাশাপাশি সৎ ও দক্ষ জনশক্তি তৈরি করে বেকারত্ব দূর করাই আমার লক্ষ্য। পার্বত্য বান্দরবানের সার্বিক উন্নয়নে আমি নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি। আপনারাও আমার সঙ্গে এগিয়ে আসুন।” তিনি আরও বলেন, এই পাইলট প্রকল্প সফল হলে দেশের অন্যান্য প্রত্যন্ত অঞ্চলেও এটি একটি কার্যকর মডেল হিসেবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এই উদ্যোগকে ঘিরে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আশাবাদ সৃষ্টি হয়েছে। দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পার্বত্য অঞ্চলের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”