লামায় রিসোর্ট এলাকায় ট্রান্সফরমার চুরির চেষ্টা, আতঙ্কে পর্যটন ব্যবসায়ীরা।
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ:
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার পর্যটন এলাকা মিরিঞ্জা ভ্যালীতে একের পর এক চুরি ও ট্রান্সফরমার চুরির ঘটনায় উদ্বেগ বেড়েছে রিসোর্ট মালিক ও উদ্যোক্তাদের মধ্যে। প্রতিনিয়ত পানির মোটর, বিদ্যুতের তার ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।
রবিবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার মিরিঞ্জা ভ্যালীর ‘কিছুক্ষণ ভিউ পয়েন্ট’ সংলগ্ন এলাকায় সর্বশেষ এ চুরির চেষ্টা ঘটে।
পাইনতং রিসোর্টের মালিক নাজিম উদ্দিন জানান, রাত আনুমানিক ২টার দিকে আশপাশের সব রিসোর্টে বিদ্যুৎ থাকলেও তাদের রিসোর্টে বিদ্যুৎ না থাকায় সন্দেহ হয়। পরে নৈশ প্রহরী খুঁটির দিকে আলো ফেললে দেখা যায়, চোর বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নামানোর চেষ্টা করছে। এসময় চোর ঘটনাস্থলেই মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। নিচে অবস্থানরত তার সহযোগীরাও পালিয়ে যায়। তবে পাহারাদার তাদের শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি।
নৈশ প্রহরী ও স্থানীয় এক নারী জানান, লামা পৌরসভার লাইনঝিরি এলাকার গেইট শাহজাহানের ছেলে সাহাব উদ্দিন ও তার সহযোগী পারভেজসহ ৪ জনের একটি চক্র এ ঘটনার সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে এলাকায় পূর্বের বিভিন্ন চুরির অভিযোগও রয়েছে।
ঘটনার পরপরই সকালে লামা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও লামা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লামা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরেরা ট্রান্সফরমার খুলে ফেললেও তা নিয়ে যেতে পারেনি। ঘটনাস্থল থেকে চুরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লামা রিসোর্ট মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, দ্রুত চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে পর্যটন খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। সাম্প্রতিক সময়ে মিরিঞ্জা ভ্যালীকে কেন্দ্র করে পর্যটনের ব্যাপক প্রসার ঘটলেও এ ধরনের ঘটনা সেই উন্নয়নকে হুমকির মুখে ফেলছে।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”