
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান
লামা উপজেলায় অবৈধ কার্যক্রম ও পরিবেশগত অনিয়মের অভিযোগে দুইটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই ইটভাটাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার অবৈধ ব্রিকফিল্ড জোন হিসেবে পরিচিত ফাইতং এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় KBC ও BBM নামের দুটি ইটভাটায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, KBC ইটভাটাকে ৩ লাখ টাকা এবং BBM ইটভাটাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে লাইসেন্স সংক্রান্ত জটিলতা, অনুমোদনবিহীন কার্যক্রম পরিচালনা এবং পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন বলেন, “পরিবেশের ক্ষতি করে কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয়দের মতে, এ অভিযানের ফলে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণের অভিযোগে থাকা অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”