রুমায় এলজিইডি’র সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, নিম্নমানের নির্মাণে ক্ষোভ।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত ২ কোটি ৭৫ লাখ টাকার একটি গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় নির্মাণাধীন ১.৩ কিলোমিটার সড়ক কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান মায়াধন কনস্ট্রাকশন ও তাদের নিয়োজিত ঠিকাদার মোঃ মেহেদীর বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণে নির্ধারিত মানের বালির পরিবর্তে পাহাড় কেটে আনা লাল মাটি ব্যবহার করা হচ্ছে। এছাড়া অন্যান্য নির্মাণ সামগ্রীও নিম্নমানের হওয়ায় সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা মৌসুম এলেই সড়কটি দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে, দেবে যেতে পারে এবং অল্প সময়ের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। এতে করে জনগণের অর্থে নির্মিত এই সড়ক দীর্ঘমেয়াদে কোনো সুফল বয়ে আনবে না।
জানা গেছে, প্রকল্পটির কাজ শুরু হয় ২০২৪ সালের ২৪ ডিসেম্বর এবং শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ২৫ ডিসেম্বরের মধ্যে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়েছে। বর্তমানে সময়সীমার চাপ থাকায় তড়িঘড়ি করে কাজ সম্পন্নের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।
এলজিইডি সূত্রে জানা যায়, এ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৪০ লাখ টাকা বিল উত্তোলন করেছে।
এ বিষয়ে বান্দরবান জেলা এলজিইডি কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ পারভেজ সরওয়ার বলেন, “পাহাড়ের মাটি ব্যবহারের অভিযোগ আমাদের নজরে এসেছে। কাজের গুণগত মান আমরা শতভাগ যাচাই করে বুঝে নেব। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের অনিয়ম করে বিল প্রদান করা হবে না।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”