
আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজিজ উল্লাহ মানিক। তাঁর আর্থিক সহায়তায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা এক হতদরিদ্র পরিবার পাচ্ছে নতুন করে মাথা গোঁজার নিরাপদ ঠিকানা। স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কানু মজুমদার (পিতা—মৃত সুধীরচন্দ্র মজুমদার, মাতা—অনজু মজুমদার) দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে আসছেন। স্থায়ী কোনো আয় না থাকায় তাঁদের বসতঘরটি সম্পূর্ণভাবে জরাজীর্ণ হয়ে পড়ে। ভাঙা টিনের ছাউনি, নড়বড়ে দেয়াল এবং বর্ষা মৌসুমে ঘরের ভেতরে পানি ঢুকে পড়া ছিল নিত্যদিনের চিত্র। ঝুঁকিপূর্ণ এই পরিবেশে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিল।
সম্প্রতি নির্বাচনী সংযোগ কার্যক্রমের অংশ হিসেবে ওই এলাকায় যান জামায়াতে ইসলামের কর্মী মোঃ মহিউদ্দিন রনি। এ সময় তিনি কানু মজুমদারের অসহায় জীবনযাত্রা ও বসতঘরের করুণ অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেন। বিষয়টি তাঁকে গভীরভাবে নাড়া দিলে তিনি সমাজসেবক আজিজ উল্লাহ মানিকের কাছে পরিবারটির দুর্দশার কথা তুলে ধরেন এবং জরুরি সহায়তার আহ্বান জানান। বিষয়টি অবগত হওয়ার পর কোনো রকম বিলম্ব না করে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন সমাজসেবক আজিজ উল্লাহ মানিক। তিনি নিজে পরিবারটির বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং একটি নতুন ও নিরাপদ বসতঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন। স্থানীয়দের মতে, ইতোমধ্যে ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে।
এ বিষয়ে আজিজ উল্লাহ মানিক বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নিজের সামর্থ্য অনুযায়ী যদি কারও কষ্ট লাঘব করা যায়, সেটিই প্রকৃত সমাজসেবা।” স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগ শুধু একটি পরিবারকে নতুন ঠিকানা দিচ্ছে না, বরং সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁদের মতে, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে আরও অনেক অসহায় পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। মহিউদ্দিন রনির আন্তরিক উদ্যোগ এবং আজিজ উল্লাহ মানিকের মানবিক সহায়তায় কানু মজুমদারের ঘর নির্মাণের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”