
নাশকতা নয় প্রাথমিক ধারণা—তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী
সাইদুল ইসলাম অন্তর ( স্টাফ রিপোর্ট )
ময়মনসিংহ
রোববার, ১৬ নভেম্বর
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে পার্কিং করে রাখা একটি কাভার্ডভ্যানে আগুন লেগে পুড়ে গেছে গাড়িটির ভেতরের অংশ। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন বেশিরভাগ নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, আগুন লাগার সময় কাভার্ডভ্যানের চালক গাড়িতে ছিলেন না। পথচারীদের চিৎকারে তিনি দৌড়ে এসে দেখেন গাড়িটি দাউ দাউ করে জ্বলছে। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত—তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান বলেন—
“গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় আগুন লেগেছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত নই। দুর্বৃত্তদের কাজও হতে পারে, আবার সিগারেটের আগুন থেকেও এমনটা হতে পারে।”
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে তিনি জানিয়েছেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন—
“প্রাথমিকভাবে এটি নাশকতা নয় বলেই মনে হচ্ছে। যান্ত্রিক গোলযোগের কারণেই অগ্নিকাণ্ড হয়েছে বলে আমরা ধারণা করছি। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
এ ঘটনায় কেউ আহত হয়নি, তবে কাভার্ডভ্যানটির ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”