
মোহাম্মদ হানিফ,ফেনী জেলা প্রতিনিধি
ফেনী জেলা সংবাদদাতা, দৈনিক প্রভাহ নিউজ ২৪-এর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক ভিপি জয়নাল আবেদীন ফেনী সদর আসনকে কেন্দ্র করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রস্তুতি, দলের ঐক্য, ত্যাগীদের মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেনী সদর আসন নিয়ে আপনার প্রস্তুতি কেমন?
“ফেনী সদর আমার জন্মভূমি, এখানকার মানুষ আমার আপনজন। তাই প্রস্তুতিটা আলাদা করে বলতে হয় না। আমি বিশ্বাস করি, রাজনীতির মূল শক্তি মানুষের ভালোবাসা ও ঐক্য। সেই ঐক্য নিয়েই আমরা ভোটের মাঠে নামছি। দলের সবাইকে সঙ্গে নিয়ে, সাধারণ মানুষকে পাশে রেখে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।”
দলের ভেতরে ঐক্য নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে। এ বিষয়ে আপনার অবস্থান কী?
“আমার কাছে ঐক্যের কোনো বিকল্প নেই। ফেনীতে বিএনপির যারা আছেন—নেতা-কর্মী, ত্যাগী মানুষ—সবাইকে নিয়েই আমি কাজ করতে চাই। কারো সঙ্গে আমার কোনো মান-অভিমান নেই। যারা এখনো সক্রিয়ভাবে মাঠে নেই, তাদেরও আহ্বান জানাবো। ধানের শীষ প্রতীক নিয়ে সবাই একসঙ্গে কাজ করবো।”
আপনি বারবার ত্যাগীদের মূল্যায়নের কথা বলছেন। বিষয়টি কীভাবে বাস্তবায়ন করবেন?
“ত্যাগীরা দল ও আন্দোলনের মূল শক্তি। আমি স্পষ্ট করে বলতে চাই—ধানের শীষ বিজয়ী হলে ত্যাগীদের অবমূল্যায়ন হবে না। রাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমূলক সব ক্ষেত্রেই তাদের অবদানকে সম্মান জানানো হবে। তাদের জন্য কী করা যায়, সেটা আন্তরিকভাবে ভাবা হবে।”
আপনার অতীত সংসদীয় অভিজ্ঞতা থেকে ফেনীর মানুষ কী প্রত্যাশা করতে পারে?
“আমি অতীতেও চেষ্টা করেছি বৈষম্যহীন উন্নয়ন করতে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করেছি। রাস্তা-ঘাট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান—মসজিদ-মাদরাসার পাশাপাশি মন্দিরেও কাজ করেছি। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা বরাদ্দ ছিল। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।”
ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ আছে। এ বিষয়ে আপনার পরিকল্পনা কী?
“ফেনীতে আর কোনো গডফাদার সংস্কৃতি চলতে দেওয়া হবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে। আমি বিশ্বাস করি, শান্তি ও নিরাপত্তা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবো।”
তরুণ ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তা কী?
“তরুণরা দেশের ভবিষ্যৎ। আমি চাই তারা রাজনীতি থেকে দূরে না সরে, বরং সচেতনভাবে অংশ নিক। শিক্ষা, কর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন আমার অগ্রাধিকার। তরুণদের জন্য প্রশিক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠান ও বড় প্রকল্প আনার চেষ্টা করবো।”
ফেনীবাসীর প্রতি আপনার শেষ বার্তা কী?
“ফেনীর মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা আমি কখনো ভুলবো না। ইনশাআল্লাহ যদি নির্বাচিত হই, তবে এই ভালোবাসার ঋণ কাজের মাধ্যমে শোধ করার চেষ্টা করবো। সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক ফেনী গড়াই আমার লক্ষ্য।”
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”