
আবু বক্কর ছিদ্দিক,স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর সোনাগাজী উপজেলায় ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক। পরিদর্শনকালে তিনি সোনাগাজী উপজেলার ৮৩টি ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক বক্তারমুন্সী উচ্চ বিদ্যালয়, মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয় ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্র ঘুরে দেখেন। তিনি সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা, বিদ্যুৎ সংযোগ, মনিটরিং ব্যবস্থা, ভোট কক্ষের বিন্যাস, ভোটারদের প্রবেশ ও প্রস্থান পথ এবং ভোটার সুবিধাসহ সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন। মনিরা হক বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবং নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করলে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রশাসন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোনাগাজী উপজেলায় ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং ভোটারবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিক পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”