ভয়াবহ সন্ত্রাসী হামলা: আগুন, ককটেল ও মধ্যরাতের তাণ্ডবে আতঙ্কে একটি পরিবার
আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।
ফসল পুড়িয়ে দেওয়া, ঘরে আগুন, জানালা ভাঙচুর—শেষ পর্যন্ত পরিবারগুলোকে বাইরে থেকে তালাবদ্ধ করে রেখে পালায় মুখোশধারীরা; প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য
প্রিয় সাংবাদিক বৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মারজান আক্তার, পিতা: মোহাম্মদ হানিফ খোকন। আমার গ্রামের বাড়ি আবদুর আজিজ কবিরাজ বাড়ি। আজ আমি গভীর দুঃখ ও আতঙ্কের মধ্য দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের পরিবারের ওপর ধারাবাহিক সন্ত্রাসী হামলার ভয়াবহ ঘটনা তুলে ধরতে।
গত প্রায় তিন মাস পূর্বে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আমাদের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, আমাদের ফসলি জমিতেও পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুরো ফসল পুড়িয়ে দেয়। এতে আমাদের পরিবার আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়।
পরবর্তীতে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেন। কিন্তু দুঃখজনকভাবে এখনো পর্যন্ত অপরাধীরা ধরা পড়েনি, বরং তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
গত ২৭/০৪/২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার সময় আবারও সন্ত্রাসীরা আমাদের বাড়িতে হামলা চালায়। তারা রশিতে ককটেল বেঁধে আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
এরপর সর্বশেষ গত ০৪/০৫/২০২৬ তারিখ রাত আনুমানিক ১টার সময় মুখোশধারী সন্ত্রাসীরা আমাদের বাড়িতে হামলা চালায়। তারা আমাদের ঘরের জানালার সব কাঁচ ভেঙে ফেলে এবং রামদা দিয়ে জানালাগুলো কুপিয়ে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত করে।
সবচেয়ে ভয়াবহ বিষয় হলো—এই হামলার সময় তারা আবদুর আজিজ কবিরাজ বাড়ির সকল পরিবারের ঘরের দরজা বাইরে থেকে তালা ও রশি দিয়ে বেঁধে রাখে, যাতে কেউ ঘর থেকে বের হয়ে সাহায্য চাইতে না পারে। এটি ছিল পরিকল্পিতভাবে মানুষকে অবরুদ্ধ করে প্রাণনাশের অপচেষ্টা।
এ বিষয়ে বাড়ির বাসিন্দা মোহাম্মদ রাসেল সাহেবসহ অন্যান্য সদস্যদের সাথে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত পরিবারের মধ্যে রয়েছেন:
মোহাম্মদ দুলাল, আব্দুল মতিন, খুরশিদ আলম, মোশারফ হোসেন, সোহেল, মামুন, মোঃ ওমর ফারুক, ওবায়দুল হক, নুরুল আমিন, নূরনবী, আব্দুল মান্নান, মোহাম্মদ আরিফ, কামরুন নাহারসহ আরও অনেকে।
প্রিয় সাংবাদিক বৃন্দ,
আমরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
তাই আমরা জোর দাবি জানাচ্ছি—
এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে।
তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আমাদের পরিবার ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি ফেনী-৩ আসনের সম্মানিত সংসদ সদস্য এবং বন ও পরিবেশ, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবদুল আওয়াল মিন্টু মহোদয়, এবং সোনাগাজী মডেল থানার প্রশাসনের প্রতি—আপনারা দ্রুত হস্তক্ষেপ করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন।
পরিশেষে, আমরা সাংবাদিক ও মানবাধিকার সংস্থার সদস্যদের কাছে অনুরোধ জানাচ্ছি—আপনারা আমাদের এই বিষয়টি জাতীয়ভাবে তুলে ধরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”