
মোহাম্মদ ছানাউল্লাহ
এভিয়েশন করেসপন্ডেন্ট
রাজধানীর উত্তরায় ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে উত্তরা সেক্টর-৯ এলাকার নিজ বাসা থেকে ড. শফিকুর রহমান ও তাঁর স্ত্রী বিথীকে গ্রেফতার করা হয়। একই মামলায় বাসার আরও দুই গৃহকর্মী রূপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগমকেও আটক করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, শিশুটিকে গৃহকর্মী হিসেবে রেখে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন ও অপব্যবহার করা হয়েছে। গ্রেফতারের পর চার আসামিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ ও মামলার তদন্ত কর্মকর্তা জানান, নির্যাতনের বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”