
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
‘সমরে ও শান্তিতে রাখিব সুস্থ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বান্দরবানে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গর্ভাবস্থার ঝুঁকি ও বিপদচিহ্ন শনাক্তকরণ, প্রসবকালীন প্রাথমিক সহায়তা, নবজাতকের পরিচর্যা, মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব, টিকাদান, সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন), ক্যানুলা প্রয়োগ এবং পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরফরাজসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার ভৌগোলিক বাস্তবতায় অনেক সময় জরুরি স্বাস্থ্যসেবা দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয় না। এ কারণে স্থানীয় পর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা গেলে গর্ভবতী নারী, প্রসূতি মা এবং নবজাতকের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে।
বক্তারা আরও বলেন, জরুরি পরিস্থিতিতে রোগীর অবস্থা দ্রুত মূল্যায়ন, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান এবং সময়মতো উন্নত চিকিৎসার জন্য রেফার করার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি দুর্গম অঞ্চলের মাতৃ ও শিশুমৃত্যুর হার কমিয়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”