বান্দরবানের লামা-আলীকদমে ডা. ইউছুফ আলীর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক প্রতিবেদন’-এর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ।
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম ও লামা উপজেলায় ডা. ইউছুফ আলীর বিরুদ্ধে প্রকাশিত ‘ষড়যন্ত্রমূলক’ ও বিভ্রান্তিকর প্রতিবেদনের প্রতিবাদে নিন্দা, প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ মে) বেলা ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা বাজারস্থ প্রেস ক্লাবের সামনে উপজেলা জনসাধারণ ও নওমুসলিমদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নওমুসলিম সাইফুল ইসলাম ত্রিপুরার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবদুল্লাহ মুরং।
সমাবেশে বক্তব্য রাখেন নওমুসলিম ইব্রাহিম ত্রিপুরা, আব্দুস সালাম ত্রিপুরা, মাসুম ত্রিপুরা, ইছহাক ত্রিপুরা, আবদুল্লাহ ম্রো এবং ১০ কিলো মসজিদের পেশ ইমাম ইব্রাহিম ম্রোসহ আরও অনেকে।
বক্তারা বলেন, তারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এ বিষয়ে কোনো ধরনের জবরদস্তি বা প্রলোভনের ঘটনা ঘটেনি। তারা অভিযোগ করেন, ডা. ইউছুফ আলী দীর্ঘদিন ধরে এলাকায় সেবামূলক কাজ ও বিনামূল্যে চিকিৎসা প্রদান করে আসছেন। তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন—
“পাহাড়ে শান্তি চাই,
মিথ্যা নিউজ বন্ধ চাই,
পাহাড়ি-বাঙালি ভাই ভাই,
ধর্ম নিয়ে জবরদস্তি নাই।”
এ সময় রেংরুং ম্রো বলেন, তিনি নিজ ইচ্ছায় ও পরিবারের সম্মতিতে ডা. ইউছুফ আলীর কাছে পড়াশোনা করতে গিয়েছেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ধর্মান্তরের ঘটনায় ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেলেও মুসলিম ধর্ম গ্রহণকে কেন্দ্র করে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।
এদিকে একই দিন দুপুর ২টায় লামা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে স্থানীয় জনসাধারণের ব্যানারে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি করেন।
বক্তারা আরও বলেন, ধর্ম পালন করা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। কেউ স্বেচ্ছায় ধর্ম গ্রহণ করলে তা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো অনভিপ্রেত। তারা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে উপস্থিত নওমুসলিমরা এ ধরনের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কর্মসূচিতে স্থানীয় নওমুসলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”