
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আবদুস ছালাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবদুস ছালাম পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি ছিলেন। শনিবার ৩ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল আনুমানিক ৭টার দিকে আলীক্ষ্যং সড়কের তিতার পাড়া গলাসিরা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি বন্যহাতি নিহত আবদুস ছালামের বাড়ির সামনের সড়ক দিয়ে চলাচল করছিল। কৌতূহলবশত তিনি হাতিটির ছবি তুলতে কিছুটা পেছনে যান। এ সময় আশপাশে কুকুরের ডাকাডাকিতে বন্যহাতিটি হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই হাতিটি আবদুস ছালামের ওপর তেড়ে এসে তাকে পায়ের নিচে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাইশারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য উবাচিং মার্মা জানান, বন্যহাতির আক্রমণের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এলাকাবাসীর সহযোগিতায় হাতিটিকে তাড়িয়ে দিয়ে যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় সে ব্যবস্থা নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা নুরুল আজিম, রুবি আক্তার ও আনোয়ারা বেগম জানান, আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকা শোকে স্তব্ধ। নিহত আবদুস ছালাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দিন এনে দিন খাওয়া এই মানুষটির তিনটি ছোট সন্তান রয়েছে। তার পিতা আবদুর সাত্তার শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় পরিবারটির ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায় পড়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বাইশারী সাংঙ্গু রেঞ্জের কর্মকর্তা নুর হোসেন জানান, বন্যহাতির আক্রমণে একজন নিহত হওয়ার বিষয়টি বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”