
মোঃ শামীম,পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে তথ্য জানতে চাওয়াকে কেন্দ্র করে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও তার ভাইয়ের বিরুদ্ধে এক সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে কাছিপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক রুবেল হোসেন দৈনিক জনতার জমিন পত্রিকার বাউফল প্রতিনিধি এবং বাউফল রিপোর্টারস ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মাহামুদুল হাসান হিরনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ধারাবাহিকতায় সম্প্রতি ইউপি সদস্যদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই অবৈধ লেনদেনের মাধ্যমে একজন উদ্যোক্তা নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে।
এসব অভিযোগের বিষয়ে তথ্য জানতে সাংবাদিক রুবেল হোসেন রোববার ইউপি সচিবের কার্যালয়ে গেলে সেখানে উপস্থিত সচিবের ভাই মইনুল ইসলাম সাংবাদিকের ভিডিও ধারণ শুরু করেন। অভিযোগ রয়েছে, ভিডিও ধারণে বাধা দিলে ইউপি সচিব মাহামুদুল হাসান হিরন ও তার ভাই ক্ষিপ্ত হয়ে সাংবাদিক রুবেল হোসেনের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে বক্তব্য জানতে ইউপি সচিব মাহামুদুল হাসান হিরন ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। এদিকে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ জানিয়েছে বাউফল রিপোর্টারস ইউনিটি ও পটুয়াখালী জেলা প্রেসক্লাব।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”