
মো. শামীম,পটুয়াখালী জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী কর্তৃক আচরণবিধি লঙ্ঘন, উসকানিমূলক বক্তব্য এবং জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান। তিনি অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি পক্ষ ধারাবাহিকভাবে উসকানিমূলক বক্তব্য প্রদান করছে এবং এরই ধারাবাহিকতায় জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচি ও কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তিনি অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, আইন উপদেষ্টা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর এবং বাউফল উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসেন। নেতৃবৃন্দ বলেন, হামলা ও হুমকির মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার যে কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। তারা শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”