ফেনীতে সিজারিয়ান অপারেশনের পর তরুণীর মৃত্যু, ক্লিনিক সিলগালা
মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।
তদন্ত কমিটি গঠন; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা স্বাস্থ্য বিভাগের।
ফেনী সদর উপজেলার ফাজিলপুরে সিজারিয়ান সেকশনের পরবর্তী জটিলতায় মিসেস লিজা (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনা ঘটে ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিকে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি জানতে পেরে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম তাৎক্ষণিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ক্লিনিকে উপস্থিত হন।
তবে সেখানে কোনো চিকিৎসক, নার্স বা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
এ পরিস্থিতিতে জেলা প্রশাসনের সহায়তায় ক্লিনিকটির কার্যক্রম সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. ফৌজুল আজিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এছাড়া বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
ক্লিনিকে ভর্তি রোগীদের জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এ ঘটনায় ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
মিসেস লিজার অকাল মৃত্যুতে জেলা স্বাস্থ্য বিভাগ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে চিকিৎসা সংক্রান্ত যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”