ফেনীতে সাংবাদিক নিরাপত্তা সংকট নিয়ে ক্ষোভ, শক্ত আইন প্রণয়নের দাবি
আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।
জাতীয় গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা প্রস্তাবনা; হামলা-হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে জোর দাবি
ফেনীতে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা নিয়মিত হামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন, যা স্বাধীন গণমাধ্যমের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফেনী জেলা শাখার উদ্যোগে ১ থেকে ৭ মে পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের সৌদিয়া হোটেলের দ্বিতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিকরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা সংবাদদাতা মোহাম্মদ হানিফ। তিনি বলেন, গণমাধ্যমকে শক্তিশালী করতে হলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এ জন্য সময়োপযোগী ও কার্যকর রাষ্ট্রীয় আইন প্রণয়ন এখন জরুরি হয়ে পড়েছে।
বিশেষ অতিথি আবুল কাশেম সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ের সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে কাজ করছেন, অথচ সুযোগ-সুবিধার দিক থেকে তারা পিছিয়ে রয়েছেন। সাংবাদিকদের জন্য ন্যায্য বেতন কাঠামো, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং পেশাগত স্বীকৃতি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
সভায় ১৪ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করা, পেশাদার সাংবাদিকদের তালিকাভুক্তিকরণ, পরিচয়পত্রের অপব্যবহার রোধ এবং সুষম বেতন কাঠামো প্রণয়ন।
সভা শেষে বক্তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় স্বাধীন সাংবাদিকতা বড় ধরনের সংকটে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”